টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল এবং গোপালপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলো- গোপালপুরের ঝাওয়াইল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল (৫৫), জামালপুরের সরিষাবাড়ির আব্দুর রশিদের স্ত্রী করুনা বেগম (৩০) এবং ধনবাড়ী উপজেলার কেন্দুয়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২১)।
জানা যায়, ঘাটাইলে ট্রাক ও সিএনজি’র মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার গারো বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- জামালপুরের সরিষাবাড়ির আব্দুর রশিদের স্ত্রী করুনা বেগম (৩০) এবং ধনবাড়ী উপজেলার কেন্দুয়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২১)। নিহতরা সর্ম্পকে ননদ ও ভাবি।
এ ব্যাপারে ঘাটাইল সাঘরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের (এসআই) জাকির হোসেন জানান, হতাহতরা গাজীপুর থেকে সিএনজি ভাড়া করে সরিষাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সিএনজিটি ঘাটাইল উপজেলার গারো বাজার এলাকায় পৌছায়। এ সময় গারো বাজার থেকে ছেড়ে যাওয়া সাঘরদিঘীগামী একটি খালি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই করুনা বেগমের (৩০) মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজি’র ড্রাইভার ও দুই শিশুসহ আরো ৬ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনা বেগমকে (২১) মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ২ জন শিশু, একজন মহিলা, একজন পুরুষ এবং সিএনজির ড্রাইভার রয়েছে। এ ঘটনায় ট্রাক এবং ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, করুনা বেগমের মা গ্রামের বাড়িতে মারা যায়। এমন সংবাদ শুনে তিনিসহ ৫ জন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরে পথিমধ্যেই এ দুর্ঘটনা ঘটে।
অপরদিকে গোপালপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাজীবাড়ি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম খলিল (৫৫) উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত গরিবুল্লার ছেলে এবং তিনি গোপালপুরের ঝাওয়াইল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল নিজ বাড়ি সৈয়দপুর থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইব্রাহিম খলিল কাজীবাড়ি মসজিদ এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে ধান বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়া যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে ওই শিক্ষকের মৃত্যু হয়।
গোপালপুর থানার (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।